Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

admin • 20 Apr 2026, 01:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় বগুড়া পৌরসভা প্রাঙ্গণ থেকে সিটি করপোরশনের নামফলক উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে উন্নীত হলো দেড়শ বছরের পুরনো বগুড়া শহর।

 

‘বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করলাম। এখন নিজেদের শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের। আমি আসার পথে অনেক জায়গায় দেখেছি ময়লা। আপনাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, প্রশাসন আপনাদের সহযোগিতা করবে’, বলছিলেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ সোমবার প্রথমবারের মতো সরকারি সফরে বগুড়ায় এসে পৌঁছান তারেক রহমান। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউসে পৌঁছান তিনি। এরপর বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। পরে তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে ফিরবেন শহরে। বিকেল ৪টায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

 

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়া শহর ও আশপাশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ভিড় করেন তাঁকে একনজর দেখার জন্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।