Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফ্যামিলি কার্ডের জন্য ৩২১ কোটি টাকার ট্যাব কিনবে সরকার

admin • 12 Aug 2026, 10:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফ্যামিলি কার্ডের জন্য ৩২১ কোটি টাকার ট্যাব কিনবে সরকার

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং সোশ্যাল প্রটেকশন ফর ইমপ্রুভড রেজিলিয়েন্স, ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং’ প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য প্রায় ৩২১ কোটি টাকার অ্যান্ড্রয়েড ট্যাব কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ’ থেকে এ ট্যাব কেনা হবে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্যাব কেনার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, এ ট্যাবগুলো ক্রয়ের জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩২০ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। সরকারের এই ক্রয়ের জন্য সুপারিশ করা দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ’। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সার্বিক দিক বিবেচনা করে প্রস্তাবটি অনুমোদন করেছে।

 

সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করার লক্ষ্যেই এই বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের ডিজিটাল ব্যবস্থাপনায় এই অ্যান্ড্রয়েড ট্যাবগুলো মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এদিকে, বৈঠকে চট্টগ্রাম কাস্টমস হাউসের বিদ্যমান মডুলার ডেটা সেন্টার, লোকাল এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্ক অবকাঠামো এবং সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি অবকাঠামো স্থানান্তর, পুনঃস্থাপন, কমিশনিং ও সেবা সচল রাখার কাজে অতিরিক্ত সরবরাহের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

 

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ-৬ (লট-১) এর আওতায় এ অতিরিক্ত সরবরাহের কাজ করা হবে। এ কাজের জন্য সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড।

 

প্রস্তাব অনুযায়ী, কাজটির মূল চুক্তিমূল্য ছিল ৮ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার টাকা। এর বিপরীতে ২ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৫৮৮ টাকার ভেরিয়েশন প্রস্তাব করা হয়েছে। ভেরিয়েশনসহ সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০ কোটি ৯২ লাখ ২০ হাজার ৫৮৮ টাকা।

   

চট্টগ্রাম কাস্টমস হাউসের বিদ্যমান তথ্যপ্রযুক্তি অবকাঠামো স্থানান্তর ও পুনঃস্থাপনের পাশাপাশি এর কমিশনিং সম্পন্ন করা এবং পুরো প্রক্রিয়ায় সেবা সচল রাখার বিষয়টি এ কাজের আওতাভুক্ত।

   

বৈঠকে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক যথাযথমানে উন্নীতকরণ প্রকল্পের একটি প্যাকেজের আওতায় কাজের পুন:দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে কুমিল্লা সড়ক জোনের অধীন ফেনী সড়ক বিভাগ এই কাজটি বাস্তবায়ন করছে।

 

জানা যায়, প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০৬ (দরপত্র প্যাকেজ নম্বর: এডিপি/এনএসইজেড/ওএসটিইটিএম/এফআরডি/ডব্লিউপি-০৬/২০২৫-২০২৬, দরপত্র আইডি-১২৪৫৬৬৮) এর আওতায় এই পুন:দরপত্র আহ্বান করা হয়েছিল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটির সার্বিক বিষয় বিবেচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।