ভারতের বেঙ্গালুরুতে প্রকাশ্যে গলাকেটে এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম যামিনি প্রিয়া (২১)। তিনি স্থানীয় একটি কলেজের বি.ফার্মের ছাত্রী। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে যামিনি পরীক্ষা দিতে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরীক্ষা শেষে ফেরার পথে শ্রীরামপুরা রেললাইন সংলগ্ন মন্ত্রীমল এলাকার কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক পেছন থেকে এসে হঠাৎই যামিনির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে শ্রীরামপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং প্রাথমিক প্রমাণ সংগ্রহ করে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।





