Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুশইন বিতর্কের পর উদ্ধার হওয়া বৃদ্ধকে পরিবারের জিম্মায় দিল বিজিবি

admin • 11 Jun 2026, 07:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুশইন বিতর্কের পর উদ্ধার হওয়া বৃদ্ধকে পরিবারের জিম্মায় দিল বিজিবি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর উদ্ধার হওয়া ষষ্ঠী চন্দ্র বর্মনকে (৬৮) পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের কাছে তাকে হস্তান্তর করা হয়।

 

হস্তান্তরকালে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর-৩৫ বিজিবির ধানুয়া-কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন এবং ষষ্ঠী বর্মনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে থানার হেফাজতে নেয় বিজিবি।

 

পরিবারের সদস্যরা জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী চন্দ্র বর্মন প্রায় দুই মাস আগে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। ষষ্ঠী বর্মনের ভাই ভবানী চন্দ্র বর্মন জানান, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সীমান্ত এলাকায় তার অবস্থানের খবর পান তারা। পরে বিজিবির উদ্যোগে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

এর আগে বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই প্রচেষ্টা সফল হয়নি। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

পরে বৃহস্পতিবার সকালে শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়। যাচাই-বাছাই ও আইনি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিকেলে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।