Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুশইনের ব্যর্থ চেষ্টার পর শূন্যরেখায় অনাহারে বৃদ্ধ, মিলছে না সমাধান

admin • 10 Jun 2026, 10:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুশইনের ব্যর্থ চেষ্টার পর শূন্যরেখায় অনাহারে বৃদ্ধ, মিলছে না সমাধান

একদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দেশের সীমান্তরক্ষীদের অবস্থানের মাঝখানে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) কয়েকদিন ধরে আটকা পড়ে আছেন এক বৃদ্ধ। খোলা আকাশের নিচে অনাহার-অর্ধাহার, প্রখর রোদ ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন তিনি।

বুধবার (১০ জুন) সরেজমিনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর-রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, গত শনিবার (৬ জুন) ভোররাতে কয়েকজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং সীমান্তবর্তী বাসিন্দাদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা সফল হয়নি। এ সময় কয়েকজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে ফিরে যেতে সক্ষম হলেও একজন বৃদ্ধ শূন্যরেখায় আটকা পড়ে যান। এরপর থেকে তিনি আন্তর্জাতিক সীমান্তের মাঝামাঝি এলাকায় অবস্থান করছেন। স্থানীয়দের দাবি, বৃদ্ধটি যেদিকেই যাওয়ার চেষ্টা করছেন, সেদিক থেকেই বাধার মুখে পড়ছেন। ফলে তিনি কার্যত দুই দেশের মাঝখানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, বৃদ্ধটি খোলা আকাশের নিচে বসে আছেন। তার সঙ্গে নেই পর্যাপ্ত খাবার কিংবা প্রয়োজনীয় কোনো সহায়তা। মানবিক কারণে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে খাবার ও পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তবে দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতিতে থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, একজন বৃদ্ধ মানুষ কয়েকদিন ধরে শূন্যরেখায় পড়ে আছেন। তিনি না ভারতে যেতে পারছেন, না বাংলাদেশে আসতে পারছেন। একজন মানুষের জন্য এর চেয়ে কষ্টকর পরিস্থিতি আর কী হতে পারে?

পরিস্থিতি নিয়ে বুধবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ একজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবি সতর্ক অবস্থান নিয়ে সেই প্রচেষ্টা প্রতিহত করেছে। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, শান্ত এবং বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।