পিআর ব্যবস্থা ও গণভোট ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মজলিশে শুরা সদস্য ও জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. মো. ইউনুস।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে আন্দোলনরত সমমনা ৮ দল বিক্ষোভের সময় তিনি এ কথা বলেন।
এসময় মিছিলটি পিটিআই মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন জামালপুর জেলার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মজলিশে শুরা সদস্য ও জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. মো. ইউনুস।
তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করতে ব্যর্থ। পিআর পদ্ধতি চালু হলে ভোটের মূল্য বৃদ্ধি পাবে, ক্ষমতার একপক্ষের আধিপত্য কমবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
ডা. ইউনুস আরও বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়, এটি জনগণের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন। দেশের নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নির্ধারণের সিদ্ধান্ত রাষ্ট্রের মালিক জনগণই নেবে।
এছাড়া সমাবেশে জামায়াতে ইসলামী জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের দাবিগুলো শুধুমাত্র রাজনৈতিক নয়, এগুলো জনস্বার্থের দাবি ও গণতন্ত্র রক্ষার প্রয়াস।
বিক্ষোভ ও সমাবেশ শেষে নেতৃবৃন্দ ৫ দফা দাবির বাস্তবায়নের জোর আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।





