Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পার্বত্য চট্টগ্রামে বিদেশী মদদপুষ্ট ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান

admin • 11 May 2026, 04:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামে বিদেশী মদদপুষ্ট ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং চলমান ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) জাতীয় প্রেসক্লাবে ‘চিটাগং হিল ট্র্যাক্টস স্টুডেন্ট পলিসি ফোরাম’-এর উদ্যোগে “পার্বত্য চট্টগ্রাম: সমসাময়িক বাস্তবতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ” শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সমন্বয়ক রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং মুখপাত্র রিয়াজুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম। তিনি তার বক্তব্যে বলেন, পার্বত্য শান্তিচুক্তির দীর্ঘ সময় পার হলেও সেখানে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসেনি।

বিশেষ করে ১৯০০ সালের হিল ট্র্যাক্টস রেগুলেশনসহ কিছু বিতর্কিত আইনি কাঠামোর কারণে ওই অঞ্চলে বসবাসরত প্রায় ৫৮ শতাংশ বাঙালি জনগোষ্ঠী তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বার্ষিক প্রায় ৭০০ কোটি টাকার চাঁদাবাজি ও দেশবিরোধী অপপ্রচার ওই অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বিশেষ অতিথির বক্তব্যে বীরপ্রতিক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সীমান্ত সড়ক নির্মাণ, বিশেষায়িত হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে পাহাড়ের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটেছে। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এত উন্নয়ন সত্ত্বেও একটি নির্দিষ্ট গোষ্ঠীর দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়া গভীর পর্যালোচনার দাবি রাখে বলে তিনি মন্তব্য করেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ বা উপস্থাপন করেন পার্বত্য নিউজের সম্পাদক ও গবেষক মেহেদী হাসান পলাশ।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ‘ন্যারেটিভ যুদ্ধ’ বা তথ্যের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একপাক্ষিক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভূমি বিরোধ, প্রশাসনিক জটিলতা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকৃত চিত্র আড়াল করে মানবাধিকার ও আদিবাসী পরিচয়ের দোহাই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দায়িত্বশীল গণমাধ্যম ও তথ্যনির্ভর গবেষণার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি উভয় পক্ষের সমঅধিকার নিশ্চিত করা এবং আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে একটি ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান প্রয়োজন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, তা রুখতে প্রবাসীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, লেখক এ এইচ এম ফারুক, জনতার দলের যুগ্ম-সচিব মেজর (অব.) জাকির হোসাইন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায, ইসলামী বুদ্ধিজীবী ফোরামের চেয়ারম্যান শাহ সুফি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, পিসিসিপি-র প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত ফরাজী সাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ। বক্তারা এই আলোচনা সভাকে দেশি-বিদেশি অপতৎপরতার বিরুদ্ধে জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।