জামালপুরে পায়ের ব্যান্ডেজে সঙ্গে লুকিয়ে রাখা ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ।
এর আগে সকাল ১১টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত মোছাঃ সালেহা বেগম (৫৫) জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত আব্দুস সামাদের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহনা এক্সপ্রেস বাসে অভিযান চালানো হয়। সন্দেহজনক আচরণের কারণে যাত্রী সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।
এসময় তিনি নিজেই তার ডান পায়ের ব্যান্ডেজ খুলে দুইটি প্যাকেট বের করে দেন। প্যাকেট দুটির ভেতর মোট ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চালানটি ঢাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। কারা এ চক্রের সঙ্গে জড়িত এবং মাদকের উৎস কোথায় তা নিশ্চিত করতে তদন্ত চলছে। আটক সালেহা বেগমকে মাদক আইনে জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





