কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক খুলতেই কাড়ি কাড়ি টাকা! আটটি সিন্দুকের সব টাকা-পয়সা ভরা হয় ১৯টি বস্তায়। দিনভর গোনা হয় এসব টাকা। গোনা শেষে এবার মিলল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। টাকার সঙ্গে সোনা-রুপার অলঙ্কারসহ মিলেছে বিদেশি মুদ্রাও। এবার পাওয়া গেছে হীরের গহনাও!
প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার রমজানের কারণে চার মাস পর খোলা হয়েছে। এর আগে ৭ জানুয়ারি ৩ মাস ১ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। ২০টি বস্তায় তখন রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
শনিবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গণনা করে বিপুল পরিমাণের এই টাকা অলঙ্কার পাওয়া গেছে মসজিদটির দানবাক্সে।
সাধারণত ৯০ থেকে ১০০ দিনের মধ্যে দানের টাকায় ভরে যায় পাগলা মসজিদের সিন্দুকগুলো। এ কারণে প্রায় তিন মাস পর পর খোলা হয় এগুলো এবার রমজানের জন্য চারমাস পর খোলা হয়েছে।





