পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলমের (৪৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তার স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ মন্তব্য করেননি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ বলেন, বুধবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সে বাসায় স্বামী-স্ত্রী উভয় অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে অসুস্থ স্ত্রী নাহিদ বিনতে আলমকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান।
তিনি আরও জানান, সৈয়দ নজমুল আহসান পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক ছিলেন। এ দম্পতির দুই মেয়ে একজনের বয়স ১২, আরেক জনের বয়স ১৫। কী কারণে তাদের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক বিষয়টি জানা যাবে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।





