দুর্নীতি ও চাঁদাবাজবিরোধী লংমার্চ শেষে পথসভায় বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাটে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকোর) উপর ক্ষেপলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ ঘটনায় নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়ার হুমকি দিয়েছেন তিনি।
শনিবার (১২ অক্টোবর) রাতে পঞ্চগড়ের শেরে বাংলাপার্ক মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে আয়োজিত পথসভায় সারজিস আলম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুত চলে যায়। এ সময় তিনি বলেন, একবার নয়, দুই বার নয়, এ নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এ সময় তিনি বলেন, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হইতো, দুইদিন হইতো, কিচ্ছু বলতাম না তিনদিনের তিনদিনেই এটা হইছে। যারা এটা করছে তারা রাজনৈতিক বেশ্যা। এই রাজনৈতিক দেওলিয়াদেরকে আমরা দেখে নেব। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখবো। এরপর দেখবো পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে এবং বাংলাদেশের নেসকোর দায়িত্বে কে আছে।
আমরা মনে করি আপনারা এক একটা রাজনৈতিক বেশ্যা। আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সার্জিজ আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি এর পর থেকে যদি কোন প্রতিষ্ঠান যদি পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট।
উল্লেখ্য, প্রায় সহস্রাধিক মোটরসাইকেলে দুই সহস্রাধিক আরোহী নিয়ে এ লংমার্চ জেলার পাঁচ উপজেরা প্রদক্ষিণ করে। বিভিন্নস্থানে পথসভা করার পর সমাপনী পথসভা আয়োজন করা হয় জেলা শহরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে। এজন্য ব্যপাক প্রস্তুতি নেয় এনসিপি। শহরের বিভিন্নস্থানে মাইক লাগানো হয়। রাতে পথসভায় সার্জিস আলম বক্তব্য শুরু করলে কয়েক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়।





