পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন রেদওয়ানুল হক প্রধান নামে এক বিএনপি নেতা। রবিবার (২১ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিএনপির এই নেতা।
সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী রেদওয়ানুল হক প্রধান সর্বশেষ দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে রেদওয়ানুল হক প্রধান বলেন, আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম।
দীর্ঘ সময় শালডাঙ্গা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জামায়াতে ইসলামী একটি ইসলামী দল এবং এরা দূর্নীতি মুক্ত রাজনৈতিক দল। তাদের আদর্শ আমার কাছে ভালো লেগেছে। তাই আমি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিলাম।
এ বিষয়ে শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, রেদওয়ানুল হক বিএনপি করতেন। একটা সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে দুই বছর আগে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয়। এর পর থেকে সে বিএনপির একজন সাধারণ কর্মী।
এদিকে জামায়াতের সদস্য ফরম পূরণ করার পর আনুষ্ঠানিকভাবে রেদওয়ানুল হক প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেন শালডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন ও সেক্রেটারি আনারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোশাররফ হোসেন, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য রাব্বি হোসেন, শালডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।





