বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এবং ঢাকা-৮ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, “আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে।”
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর ঢাকা-৮ সংসদীয় আসনের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেকারত্বের কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। তাই পরিকল্পিতভাবে বেকারত্ব দূর করতে হবে।” তিনি অভিযোগ করেন, অতীতের কোনো সরকার দেশের সার্বিক উন্নয়নে মনোযোগ দেয়নি; বরং তারা নিজেদের উন্নয়নের চিন্তায় ব্যস্ত ছিল।’
তিনি বলেন, ‘দুর্নীতি, স্বজনপ্রীতি আর বিদেশে অর্থপাচার করাই ছিল অতীতের সরকারগুলোর কাজ। ব্রিটিশ-পাকিস্তান শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে স্বাধীন বাংলাদেশের শাসকগোষ্ঠী। অথচ জামায়াতে ইসলামী শুরুর দিন থেকেই শোষণবিরোধী সংগ্রামে আপসহীন থেকেছে। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গেছেন, তবুও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদের কাছে মাথানত করেননি। আগামীতেও জামায়াত কোনো পরাশক্তির কাছে মাথানত করবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
সভায় তিনি শাহবাগ-রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন কেন্দ্রে রূপান্তরের ঘোষণা দেন এবং বলেন, ‘ঢাকা-৮ আসনের মানুষ সুযোগ দিলে এ এলাকা নতুন বাংলাদেশের মডেল হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘যানজট নিরসনের নামে হকারদের উচ্ছেদ করে কর্মহীন করা হবে না। বরং হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট স্থান নির্ধারণ করে কাজ করলে যানজটও কমবে, কর্মসংস্থানও নিশ্চিত হবে।’ তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে ফুটপাতের দোকানদার থেকে সুপারশপের মালিক পর্যন্ত কাউকে চাঁদা দিতে হবে না।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র ও মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহযোগিতা দিন।’
সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসন নির্বাচন পরিচালক মো. শামছুর রহমান। সভা সঞ্চালনা করেন মহানগর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক শাহীন আহমেদ খান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামছুল বারি এবং মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিন।





