Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দ্বিতীয় মামলা থেকেও অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা

admin • 29 Feb 2024, 05:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দ্বিতীয় মামলা থেকেও অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা

আরাফাতুল হক চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজধানীর নিউমার্কেট থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা সাইবার ট্রাইবুন্যালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। এর আগে গত ২৮ জানুয়ারি একই আইনে কলাবাগান থানায় দায়ের করা অপর মামলায়ও অব্যাহতি পান তিনি। এর ফলে তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলা থেকেই অব্যাহতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী।

আদালত সূত্র জানায়, আজ নিউমার্কেট থানায় করা মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। শুনানির শুরুতে খাদিজার অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে অভিযোগ গঠন করার মতো উপাদান না থাকায় তাকে অব্যাহতি দেন আদালত। একই সঙ্গে মামলার আরেক আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। 'অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদী পুলিশ।

খাদিজার বিরুদ্ধে করা দুটি মামলার এজাহারের অভিযোগ এবং বর্ণনা প্রায় একই রকম। মামলার দুই বছর পর ২০২২ সালের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে নিউ মার্কেট থানা পুলিশ। এরপর নিম্ন আদালতে খাদিজার জামিন আবেদন কয়েক দফায় নাকচ হয়। গত বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দিলেও তা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ১০ জুলাই বিষয়টি আপিল বিভাগে ওঠে। পরে আদালত বিষয়টি চার মাসের জন্য মুলতবি করে। গত ১৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে যাওয়ায় হাইকোর্টের জামিন আদেশই বহাল থাকে। তাতে ১৫ মাস কারাভোগের পর গতবছরের ২০ নভেম্বর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান খাদিজাতুল কুবরা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।