ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকেই তার উপস্থিতি ছিল। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে মানের দিকেই মাহির বেশি নজর। নাটকের ব্যস্ত শিডিউল আর শুটিংয়ের ব্যস্ততায় যখন তার সময় কাটে, ঠিক তখনই হঠাৎ বিরতির ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
সামাজিকমাধ্যমে মাহির সক্রিয়তা বরাবরের মতোই বেশি। তবে এবার সেখানে কোনো আনন্দঘন মুহূর্ত নয়, বরং মন খারাপের এক বার্তা ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।
এক পোস্টে মাহি লিখেছেন, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী। কারণ, কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।
তিনি আরও বলেন, তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।
এদিকে বিরতির ঘোষণা দেওয়ার পরই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন মাহি। সেখানে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, মাহির বোন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন। বোনকে দেখতে সেখানে ছুটে গিয়েছেন তিনি। বহুদিন পর বোনকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি।
এ ভিডিওর ক্যাপশনে সামিরা খান মাহি বলেন, বাস্তব জীবনটা খুব কঠিন। কাজের চাপে দুটি বছর চলে গেল, তা-ও তোর কাছে আসতে পারছিলাম না। অনেক সময় কাজ সম্পর্ককে দূরে সরিয়ে দেয়। কিন্তু কিছু সম্পর্ক আছে, যেখানে দূরত্ব কখনো জায়গা পায় না।





