দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই। বর্তমানে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২০ দিনের জেট ফুয়েল ও ২৫ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, দু’একটি গণমাধ্যমে জ্বালানি তেলের সংকটের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু জ্বালানি তেলের কোনোরকম সংকট এই মুহূর্তে নেই। ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২৫ দিনের ফার্নেস অয়েল, ২০ দিনের জেট ফুয়েল মজুদ আছে। অন্যান্য জ্বালানি পণ্যেও সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই যুগ্মসচিব বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৮০ হাজার এবং আগস্টে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। সবমিলিয়ে জ্বালানি পণ্যের কোনো ধরনের সংকট নেই। সংকট তৈরির চেষ্টা থেকে গুজব তৈরি করা হয়েছে।





