পঞ্চগড়ের দেবীগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের খুনি ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে দেবীগঞ্জ পৌর সদরের চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সফিউল আলম (সুফি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মাসুদ পারভেজ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নেতা ওয়াসিস আলম, দেবীগঞ্জ উপজেলা জাগপার সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদী, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী, দেবীগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য তোফাজ্জল হোসেন ও মো. লুৎফর রহমান, সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুল হালিম, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ঘোষণা ও কার্যকর, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে গণভোটের আয়োজন এবং জুলাইয়ের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।





