আওয়ামী লীগ যারা করেন, তাদের দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের ভাইয়েরা যারা বাংলাদেশে আছেন, আপনাদের যদি মানসম্মান, ইজ্জত থাকে তাহলে যারা আওয়ামী লীগ করেন, দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়ে দেন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা করেছে। আর শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। আওয়ামী লীগের ইতিহাস পালানোর ইতিহাস, বিএনপির ইতিহাস বিজয়ের ইতিহাস।’
খায়রুল কবির খোকন বলেন, ‘দেশের জনগণ দ্রুত নির্বাচন চায়, কারণ দেশের জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তাই দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। আওয়ামী দোসরদের রেখে সংস্কার সম্ভব নয়।’
নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রদল নেতা আব্দুর রউফ ফকির রনি, মোকারম ভূঁইয়া, জাহিদুল কবির ভূঁইয়া, আওলাদ হোসেন মোল্লা, সিদ্দিকুর রহমান নাহিদসহ দলটির অঙ্গসংগঠনের নেতারা।





