Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তেল পেতে বৈধ ফুয়েল কার্ডের ছবি গেঞ্জিতে প্রিন্ট করলেন ব্যবসায়ী

admin • 10 Apr 2026, 03:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তেল পেতে বৈধ ফুয়েল কার্ডের ছবি গেঞ্জিতে প্রিন্ট করলেন ব্যবসায়ী

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জ্বালানি তেল সংগ্রহে বিড়ম্বনা এড়াতে নিজের বৈধ 'ফুয়েল কার্ড' গেঞ্জিতে প্রিন্ট করে এক অভিনব নজির গড়েছেন নূর মোহাম্মদ নামে এক স্থানীয় ব্যবসায়ী। সম্প্রতি উপজেলার জামতৈল বাজারে মোটরসাইকেলে করে সেই গেঞ্জি পরে তাকে চলাফেরা করতে দেখা গেছে।

নূর মোহাম্মদ উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারের 'সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস' প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

ঘটনার সূত্রপাত ঘটে গত ৫ এপ্রিল, যখন নূর মোহাম্মদ সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকার একটি পাম্পে তেল নিতে যান। পাম্প কর্তৃপক্ষ তাকে জানায় যে, বৈধ ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া সম্ভব নয়। কার্ডটি আকারে বড় হওয়ায় তা সবসময় সাথে বহন করা তার জন্য কষ্টসাধ্য ছিল। এমনকি মুঠোফোনে কার্ডের ছবি দেখালেও পাম্প কর্তৃপক্ষ তা গ্রহণে অস্বীকৃতি জানায়। এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এবং পাম্পে কার্ড দেখানোর ঝামেলা কমাতে গত ৬ এপ্রিল তিনি নিজের গেঞ্জিতে কার্ডের উভয় পাশ প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।

ব্যবসায়ী নূর মোহাম্মদের ব্যবহৃত সেই সাদা গেঞ্জির সামনের অংশে তার নাম, পরিচয় ও ছবিসহ ফুয়েল কার্ডের সম্মুখভাগ শোভা পাচ্ছে। অন্যদিকে, পেছনের অংশে জ্বালানি প্রাপ্তির তারিখ ও প্রয়োজনীয় নির্দেশিকা সংবলিত কার্ডের অপর পাশটি প্রিন্ট করা হয়েছে। নূর মোহাম্মদ জানিয়েছেন, কার্ড সাথে না থাকায় বারবার তেল পেতে যে ভোগান্তি পোহাতে হতো, তা এড়াতেই তিনি এই কৌশল বেছে নিয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই গেঞ্জি পরেই তিনি তেল সংগ্রহ করবেন বলে জানান। তার এই ব্যতিক্রমী উদ্যোগ বর্তমানে স্থানীয়দের মাঝে বেশ আলোচনার খোরাক জোগাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।