Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তিন দফা দাবি পূরণে আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

admin • 16 Oct 2024, 07:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তিন দফা দাবি পূরণে আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আওয়ামীপন্থী বিচারক ও আইনজীবীদের অপসারণসহ ৩ দফা দাবি পূরণে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বুধবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারকদের অপসারণের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণের এ্যানেক্স ভবনের ১ নং গেইটের সামনে সংগঠনের সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে ৪৫০-৫০০ জন এ কর্মসূচি পালন করেন।

এর আগে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে হাইকোর্টে আসেন।

কর্মসূচি পালনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩ দফা দাবি ঘোষণা করা হয়-

১. আওয়ামীপন্থী ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণ করতে হবে৷

২. সুপ্রিমকোর্ট, জজ কোর্ট, দায়রা জজ আদালত থেকে আওয়ামী প্যানেলের আইনজীবীদের অপসারণ করতে হবে।

৩. অনতিবিলম্বে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে।

এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে বলেন, আপাতত হাইকোর্ট বিভাগে ১২ জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না এবং হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে আগামী ২০ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হবে।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ২০ অক্টোবর বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করে কর্মসূচি শেষ করেন।

কর্মসূচিতে সংগঠনের সমন্বয়ক আরিফ সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।