Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবিতে যুবক হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

admin • 19 Sep 2024, 04:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাবিতে যুবক হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মো. মাসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই কমিটিকে আজ সন্ধ্যার ভেতর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির আহবায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে। কমিটির বাকি সদস্যরা হলেন, আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, জনাব মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, সহকারী আবাসিক শিক্ষক ড. এম এম তৌহিদল ইসলাম এবং সহকারি প্রক্টর এ. কে. এম. নূর আলম সিদ্দিকী।

এরপর আরেকটি বিজ্ঞপ্তিতে সেই ঘটনার প্রত্যক্ষদর্শীদের হল অফিসে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটির প্রত্যক্ষদর্শীদের আজ দুপুর বারোটার সময় হল অফিসে উপস্থিত হয়ে তদন্ত কমিটিকে সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

গতকাল বুধবার রাত ১২টার দিকে ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়ের মোবাইল টিম ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।