ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম 'একতারা' প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সোমবার (২৬ জুন) সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান তাকে এই প্রতীক দেন।
এবারের ঢাকার নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হিরো আলম। ঈদের পর চমক থাকবে জানিয়ে তিনি বলেন, ‘হিরো আলম তো নিজেই একটা চমক।
তারপরও নতুন চমক থাকবে। এটা ঈদের পর দেখবে সবাই। ঈদের পর জোরালো প্রচার চালাব। আমার জনপ্রিয়তা ও কর্মী-সমর্থক অনেক আছে ঢাকায়। এরই মধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হব। ’
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য থাকবে সিসি ক্যামেরা।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়।





