বিশ্ববাজারে তেলের মূল্য ঊর্ধ্বগতি রাখতে সৌদি আরব ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন কম তেল উত্তোলন করবে বলে জানিয়েছে। রবিবার প্রথমে সৌদি আরব এই সিদ্ধান্ত নেওয়ার পর রাশিয়া তার সঙ্গে যোগ দিয়েছে।
দিনে ১০ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে সৌদি আরব। আর রাশিয়া তিন লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে বলে জানিয়েছে।
বিশ্বের তেল রপ্তানিকারক দেশসমূহ এবং তাদের মিত্রদের সংগঠন ওপেক প্লাসের এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী, গত জুলাই মাস থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করছে সৌদি আরব। সে কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপর থাকছে।
এ বছর সেপ্টেম্বরে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি সবচেয়ে বেশি ছিল, ৯৮ ডলার। আর গত শুক্রবার ছিল ৮৫ ডলার।
ওপেক প্লাসের জুনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালেও তেল উত্তোলন কমানো হবে।





