সেলুনে বিশেষ ধরনের ট্যানিং বেড ও ট্যাটু করার সরঞ্জাম নিষিদ্ধ করল সৌদি সরকার। সম্প্রতি নতুন এই নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছে দেশটির মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটিস অ্যান্ড হাউজিং। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সৌদি সরকারের মিনিস্ট্রি অব মিউনিসিপ্যালিটিস অ্যান্ড হাউজিং। আগামী ১৮০ দিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, সেলুনে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না। এ কারণে বিভিন্ন রোগ বেড়ে যাচ্ছে। আর সেসব রোগ যাতে না ছড়ায় সেজন্য স্বাস্থ্যবিধির অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা। এ ছাড়া শেভিং রেজর দ্বিতীয়বার ব্যবহারের সুযোগ থাকছে না।
সেলুনের জন্য নতুন আরও নিয়ম আনছে সৌদি সরকার। এখন থেকে প্রতিটি সেলুনে বিশেষ স্টেরিলাইজেশনিং ডিভাইস রাখতে হবে। প্রতিবার বিভিন্ন মেশিন ব্যবহার করার পর এসব ডিভাইস দিয়ে তা জীবাণুমুক্ত করতে হবে।





