Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জেলের জালে ৫৪ কেজির বিশাল তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

admin • 04 Aug 2026, 06:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জেলের জালে ৫৪ কেজির বিশাল তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৫৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ‘তবল’ মাছ।

 

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খোলা নিলামের মাধ্যমে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী।

 

জেলেদের সূত্রে জানা গেছে, ‘এফবি সালমা করিম’ নামের একটি ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরের আড়তে (আখি ফিশ ও তহুরা ফিশ) নিলামে তোলা হলে ব্যবসায়ী রুবেল ঘরামী সর্বোচ্চ দর হেঁকে মাছটি কেনেন। সেই হিসেবে প্রতি কেজি মাছের দাম পড়ে প্রায় ৬৬৬ টাকা।

 

স্থানীয়ভাবে মাছটি ‘তবল’ নামে পরিচিত হলেও এটিকে সামুদ্রিক ‘ট্রেভ্যালি’ বলা হয়। কুয়াকাটা অঞ্চলে স্থানভেদে এটি ‘তবলি’, ‘বগা’ কিংবা ‘খাঁদিয়া’ নামেও পরিচিত। সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ ও তুলনামূলক কম কাঁটা থাকায় বাজারে এই মাছের বেশ ভালো চাহিদা রয়েছে।

 

মৎস্যজীবীরা জানান, গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ নিয়মিত পাওয়া গেলেও এত বড় আকৃতির তবল মাছ সচরাচর ধরা পড়ে না।

 

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে ও ডাব্লিউসিএস ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল ক্যারাঙ্গিডি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। এত বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের ইতিবাচক দিক নির্দেশ করে।

 

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় আকারের সামুদ্রিক মাছের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। বঙ্গোপসাগরে বড় মাছের উপস্থিতি ও উৎপাদন বৃদ্ধি দেশের মৎস্য খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।