জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের মূল ফটকের সীমানা প্রাচীরে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর শোক ব্যানার টানানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯)। জিহান জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আহসান হাবিবের ছেলে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। সীমান্ত একই এলাকার আব্দুল মমিনের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের পাশে সীমানা প্রাচীরে একটি শোক ব্যানার টানানো হয়। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়। সেখানে ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ স্লোগানের পাশাপাশি ‘বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা, জামালপুর’ লেখা ছিল।
সরেজমিনে দেখা যায়, ব্যানারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বহনকারী দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর টানানো হয়েছে। এতে ‘আমার ভাই মরলে কেন বিচার চাই’ এবং ‘কিছু বুঝি না রাজনীতি, চাই একটি শান্তি’সহ কয়েকটি স্লোগানের অংশ আড়াল হয়ে যায়।
স্থানীয়দের ধারণা, জনসমাগম কম থাকার সুযোগে গভীর রাতে গোপনে ব্যানারটি টানানো হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেন, গভীর রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা গোপনে ব্যানারটি টানিয়েছে। ঘটনার পর দায়িত্বে থাকা চারজন নৈশপ্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে গোপনে তৎপরতা চালানোর চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম যাতে না ঘটে, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনার সঙ্গে জড়িত জিহান ও সীমান্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।





