ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে বাধা দেয়ায় পোলিং অফিসারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফলে কেন্দ্রটিতে কিছুটা ধীরগতিতে চলে ভোট গ্রহণ। বুধবার (৮ মে) দুপুরে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই ঘটনা ঘটে।
রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার অভিযোগ করেন, দুপুরের দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন।
এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





