আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বিদ্রোহী নেতা ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। একই সঙ্গে তার স্ত্রী সোনিয়া ইসলামও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কার্যালয় থেকে ফায়েজুল ইসলাম লাঞ্জু নিজ হাতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময় তার স্ত্রী সোনিয়া ইসলামের পক্ষে বিএনপির কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি গত সোমবার (২২ ডিসেম্বর) মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়েজুল ইসলাম লাঞ্জু। তিনি বলেন, জামালপুর-৩ আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়েই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে করে মাঠপর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। সে কারণেই তিনি ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও দাবি করেন, ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এ আসনে জনসমর্থন হারিয়েছেন। তার মতে, নির্বাচনে অংশ নিলেও ওই প্রার্থীর জয়ের সম্ভাবনা নেই এবং সর্বোচ্চ হলে তৃতীয় অবস্থানে থাকতে পারেন। মাদারগঞ্জ ও মেলান্দহ এলাকার সাধারণ ভোটাররা ইতোমধ্যে ওই প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি হাবলুল গাজী বেলাল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসান একরামুল কবির, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাজী মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল আক্তার বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





