Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

admin • 03 Jan 2026, 08:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। একইসঙ্গে সমান সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ), জামালপুর-২ (ইসলামপুর) ও জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের মনোনয়নপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, জামালপুর-১ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই শেষে জাতীয় পার্টির প্রার্থী এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

তবে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জামালপুর-২ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

 

এর মধ্যে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান ও শওকত হাসান মিয়া।

 

পাশাপাশি জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদের মনোনয়নপত্রও বাতিল করা হয়। এ আসনে বিএনপি প্রার্থী মো. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর মো. ছামিউল হক ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।

 

অন্যদিকে জামালপুর-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।

 

এ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।

 

জামালপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র গ্রহণযোগ্য বিবেচিত হলেও বাকি ১২ জনের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।

 

তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রার্থী চাইলে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আপিল আবেদন নিষ্পত্তি করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।