জামালপুরে আওয়ামী সুবিধাবাদী, প্রভাবশালী ও ভূমিদস্যুদের কবল থেকে নিজেদের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী কৃষকরা।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ৩৫টি ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মেরাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, খালিদ হাসান, সখিনা বেগমসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা জানান, নদীভাঙনের কারণে জামালপুরের নাওভাঙ্গা ও শেরপুর জেলার চরপক্ষীমারী মৌজার সীমানা চিহ্নিত না থাকায় ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই জেলার চরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তাতে শেরপুরের ৩ জন ও জামালপুরের ২ জনসহ মোট ৫ জন নিহত হন। বক্তারা আরও বলেন, সংঘর্ষের পর থেকেই প্রভাবশালী ভূমিদস্যুরা কৃষকদের চাষের জমি জোরপূর্বক দখল করে নেয়। পরে সীমানা নির্ধারণ ও মীমাংসার জন্য জামালপুর ও শেরপুর জেলা প্রশাসন উদ্যোগ নেয়। দীর্ঘদিনের প্রচেষ্টায় দুই জেলার প্রশাসন নাওভাঙ্গা ও চরপক্ষীমারী মৌজার সীমানা নির্ধারণ করে এবং তিন মাস আগে সেখানে পিলার স্থাপন করা হয়। তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালী ভূমিদস্যুরা ওই সীমানা অমান্য করে কৃষিনির্ভর ৩৫টি পরিবারের সদস্যদের জমিতে চাষাবাদে বাধা ও হুমকি দিচ্ছে।
এ অবস্থায় নিজেদের জমির দখল ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী কৃষকরা।





