জামালপুরে কালোবাজারে পাচারের সময় ১৫ টন সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১৪। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জামালপুর-শেরপুর ব্রিজ এলাকা থেকে চালসহ ট্রাকটি আটক করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শেরপুর ব্রিজ এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক শামসুল ইসলামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক শামসুল ইসলাম জানান, এই চাল জামালপুর শহরের সিংহজানী খাদ্যগুদাম থেকে লোড করা হয়েছিল। চালগুলো শেরপুর জেলার 'রিমি অটো রাইস মিল এ নিয়ে যাওয়া হচ্ছিল।
খবর পেয়ে সিংহজানী খাদ্যগুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে সিংহজানী খাদ্যগুদামের এসএমও ইসরাত আহমেদ গুদাম থেকে চাল বের করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, "খাদ্যগুদাম থেকে চাল বের করতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রয়োজন হয়। কিন্তু চালক যেসব কাগজপত্র দেখিয়েছেন, সেগুলো অনেক পুরনো এবং ফটোকপি।' তিনি আরও দাবি করেন, গুদাম থেকে চাল ট্রাকে লোড করা হয়েছে কি না, তা সিসিটিভি ফুটেজ দেখলেই পরিষ্কার হয়ে যাবে।
গুদাম কর্মকর্তার সিসিটিভি দেখার পরামর্শ দিলেও সিংহজানী খাদ্যগুদামে গিয়ে জানা যায় ভিন্ন তথ্য। সেখানকার কর্মরতরা জানান, অনেক দিন ধরেই খাদ্যগুদামের সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো বা নষ্ট হয়ে আছে। ফলে চাল লোডিংয়ের কোনো ফুটেজ পাওয়া সম্ভব হয়নি।
র্যাব জানায়, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সরকারি চালগুলো কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত চাল ও আটক চালককে জামালপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।





