ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জামালপুর জেলায় আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ।
এর আগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার সাতটি থানার মধ্যে ছয়টি থানায় একযোগে অভিযান চালিয়ে এসব গ্রেফতার করা হয়। এর মধ্যে জামালপুর সদর থানায় ৬ জন, সরিষাবাড়ি থানায় ১ জন, ইসলামপুর থানায় ২ জন, মাদারগঞ্জ থানায় ৫ জন, মেলান্দহ থানায় ২ জন এবং বকশিগঞ্জ থানায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ জানান, জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসেবে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত মোট ১৭ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১৪ জন আওয়ামী লীগের নেতা-কর্মী এবং বাকি তিনজন চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী।
তিনি আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





