জামালপুরের মেলান্দহে আন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ মিনারে জুতা পায়ে উঠে পুষ্পস্তবক অর্পণ করেছেন আবু সাইদ সাদা নামের এক অধ্যক্ষ। অধ্যক্ষের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ।
আন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে তিনি শ্রদ্ধাঞ্জলি দেন। এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শহীদ মিনারে যান অধ্যক্ষ। এ সময় জুতা পায়েই শহীদ মিনারে উঠে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। এমনকি ফটোসেশন করতেও দেখা যায় তাকে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আবু সাঈদ সাদা বলেন,'ওই আমার ভুল হয়ে গেছে, আসলেই শহীদ মিনার ও মাঠ এক সমান আমি সকালে শহীদদের উদ্দেশ্যে কথা বলেছি। মাঠ আর শহীদ মিনার বেশি উঁচা না। হঠাৎ করেই উঠেছি এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। ওইটা আমার ভুল হয়েছে।
এ ব্যাপারে জামালপুর ভাষা ও মুক্তি সংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি আলী ইমাম দুলাল জানান, শহীদ মিনারে জুতা পায়ে ওঠা ঠিক না। এটা তো সরকারিভাবেই নিষেধ ও শাস্তির বিধান রয়েছে। শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। এটা ভালো না।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা বলেন,'বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম, এমন ঘটনা হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে এবং শোকজ করা হবে।





