Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই : ডা. শফিকুর রহমান

admin • 31 May 2025, 11:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে।’

 

আজ শনিবার (৩১ মে) নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর জামায়াতের আয়োজনে দুই দিনব্যাপী জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর।

 

জামায়াত আমির বলেন, ‘ইখলাসের সঙ্গে দ্বীনের কাজ করতে হবে এবং অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। চোখের পানি ফেলে সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসা।’

 

সামাজিক দায়িত্বের কথাও তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘মুমিনদের দায়িত্ব হলো প্রতিবেশীর হক আদায় করা। আমরা সবাই আল্লাহর গোলাম—এটাই আমাদের মূল পরিচয়। সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার হবে। ব্যক্তি নিজেকে পাহারা দেবে, সংগঠন সবাইকে পাহারা দেবে।’

 

ডা. শফিকুর রহমান সব ইসলামী দল ও শক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। শহীদ নেতাদের রক্ত, মজলুমের চোখের পানি এবং ত্যাগী নেতাকর্মীদের কারণে জামায়াতের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

এ সময় জামায়াত আমির সংগঠনের জনশক্তিকে কোরআন-হাদীস অধ্যয়নের পাশাপাশি পরিবারের প্রতি দায়িত্বশীলতা বাড়ানোর নির্দেশনা দেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।