Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাবিতে রেড ক্রিসেন্টের 'সেচ্ছাসেবক' দিবস উদযাপন

admin • 07 Dec 2025, 09:01 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাবিতে রেড ক্রিসেন্টের 'সেচ্ছাসেবক' দিবস উদযাপন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী নানা রঙিন আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাবি ইউনিট। বৃক্ষরোপণ, দুর্যোগ সচেতনতা প্রদর্শনী ও ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ট্রান্সপোর্ট সংলগ্ন রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। স্বেচ্ছাসেবকরা একাধিক দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির গাছের চারা রোপণ করেন। ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তারা।

এরপর বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ জমে ওঠে পিঠা উৎসবকে ঘিরে। নানারকম দেশীয় পিঠা নিয়ে শিক্ষার্থীদের একাধিক স্টল উৎসবপ্রেমী দর্শনার্থীদের আকৃষ্ট করে। স্টলগুলোর স্বাদ, রং আর গন্ধে তৈরি হয় মেলামেশার প্রাণবন্ত পরিবেশ।

 

পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত হয় তথ্যচিত্র প্রদর্শনী, ডেমো ও পোস্টার প্রদর্শনী। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও ঝড়–জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মুহূর্তে করণীয় নিয়ে স্বেচ্ছাসেবকরা প্রদর্শন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সামাজিক অংশগ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকার মানসিকতা গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। তারা বলেন, “একটি নিরাপদ, সবুজ ও মানবিক ক্যাম্পাস গড়তে প্রতি বছরই আমরা এ ধরনের কার্যক্রমের আয়োজন করে থাকি।”

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্যাম্পাসে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। স্বেচ্ছাসেবী চর্চা, সাংস্কৃতিক আবহ আর মানবিক মূল্যবোধ মিলিয়ে জাবির দিনটি হয়ে ওঠে উৎসবমুখর ও তাৎপর্যময়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।