Sunday, 4 October 2026
শিরোনাম
সারা দেশ

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন,বরের বাবা গ্রেপ্তার

• • পঠিত 25 বার
শেয়ার করুন:
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন,বরের বাবা গ্রেপ্তার
ছবি সংগৃহিত

ছেলের বৌভাতের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য জবাই করা হচ্ছিল একটি গরু। রান্নার প্রস্তুতিও চলছিল। কিন্তু গরুর মালিক এসে সেটি তাদের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করায় মুহূর্তেই পাল্টে যায় আয়োজনের চিত্র। শুরু হয় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা, ঘটে মারধরের ঘটনা। শেষ পর্যন্ত পুলিশ এসে বরের বাবাকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় জবাই করা গরুর মাংস, চামড়া, পা ও মাথা।ভণ্ডুল হয়ে যায় বৌভাতের আয়োজন।

 

শনিবার (৩ অক্টোবর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার রফিকুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে শুক্রবার বিয়ে হয় পাশের রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের। পরদিন শনিবার বৌভাতের আয়োজন করা হয় সোহানদের বাড়িতে। অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নের জন্য একটি গরু জবাইয়ের ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা। 

 

এরই মধ্যে শুক্রবার ভোরে পশ্চিম  মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের বাড়ির গেটের তালা ভেঙে গোয়াল ঘর থেকে প্রায় ১ লাখ টাকার একটি গরু চুরি হয়। বিষয়টি কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে গরুর খোঁজে বের হন শহীদুল ও তার পরিবারের লোকজন। স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেন।'

 

 

এসময় বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পান তারা।  

 


পরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এলাকাবাসীর সহায়তায় ভাতিজা আনারুলকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন তিনি। একপর্যায়ে সকালে তারা পৌঁছান পার্শ্ববর্তী রফিকুল ইসলামের বাড়িতে। সেখানে তখন গরু জবাই চলছিল। গরুর মাংস, চামড়া ও মাথা দেখে সেটিকে নিজেদের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করেন শহিদুল ও আনারুল।

 

 

এ নিয়ে তারা প্রতিবাদ করলে রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রফিকুলের ছেলে রাব্বি ধারাল অস্ত্র দিয়ে আনারুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ,

 

 

পরে শহিদুল ইসলাম মোবাইল ফোনে পুলিশকে খবর দেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বরের বাবা রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহান ও তার ভাই রাব্বি পালিয়ে যান।,

 

ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস, চামড়া, পা  ও মাথা জব্দ করে পুলিশ। পরে শনিবার রাতে গরুর মালিক শহীদুল ইসলাম বাদি হয়ে অভিযুক্ত রফিকুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ এই মামলায় বরের বাবা রফিকুলকে গ্রেপ্তার  দেখিয়েছে।,

 

 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। চুরি হওয়া গরুর শরীরের বিভিন্ন অংশ জব্দ করা হয়েছে। বরের বাবা রফিকুল ইসলামকে রবিবার আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।