Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চুরির গরু দিয়ে ভূরিভোজ,বহিস্কৃত সেই নেতাকে দলে ফেরালো বিএনপি

admin • 03 Dec 2025, 10:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চুরির গরু দিয়ে ভূরিভোজ,বহিস্কৃত সেই নেতাকে দলে ফেরালো বিএনপি

একদিকে গরু চুরির মামলা, অন্যদিকে দলীয় ভোজে চুরি করা গরুর মাংস রান্নার অভিযোগ, সব মিলিয়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে বহিষ্কার হওয়া জামালপুরের মাদারগঞ্জের বিএনপি নেতা মো. মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে অবশেষে আবার দলে ফিরিয়ে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

 

বুধবার (৩ ডিসেম্বর ) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষতির এক চিঠিতে গরু চুরি করে ভুড়িভোজের অভিযোগে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রথামিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

   

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১১ জানুয়ারি (শনিবার) মাদারগঞ্জে উপজেলা ও পৌর মহিলা দলের নারী সমাবেশকে কেন্দ্র করে দক্ষিণ কয়ড়া গ্রামে ভুরিভোজের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তা চৌধুরী ও তার স্ত্রী, জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি।

   

ঘটনার আগের দিন শুক্রবার গভীর রাতে উপজেলার খামারমাগুরা গ্রামের কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে ৯০ হাজার টাকার একটি গরু চুরি হয় এবং রাতেই জবাই করা হয়। স্থানীয়রা বিষয়রি টের পেয়ে কসাই বজলু প্রামাণিককে গরুর চামড়াসহ ধরে ফেলেন। পরে পুলিশ সুমন মণ্ডল ও বজলুকে আটক করে। ঘটনাস্থল থেকে ২০ কেজি মাংস ও চামড়া জব্দ করা হয়। ঘটনা প্রকাশিত হলে মুক্তা চৌধুরী ও তার স্ত্রী গা-ঢাকা দেন। ভোজে অংশ নেওয়া কর্মীরা পালিয়ে যাওয়ায় বড় হাড়িতে রান্না করা বিরিয়ানি স্থানীয়রা লুটে নিয়ে যায়। যা জেলা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

 

এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে সামাজিক যোগাযোগ মাধ্যেমসহ বিভিন্নভাবে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার দিন সন্ধ্যায় মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি ও সাত দিনের মধ্যে বক্তব্য দিতে নির্দেশ দেন তৎকালীন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।

 

তবে ১২ জানুয়ারি রোববার দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রথামিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় গরুর মালিক ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭–৮ জনকে আসামি করে মামলাও দায়ের করেছিলেন।

 

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা জানান, রাজনৈতিক ষড়যন্ত্রে আমাকে ফাঁসানো হয়েছিল। আজ দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাকী দিনগুলো জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে কাজ করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।