এক্সক্লসিভ
জাতীয়
জেলার খবর
চা শ্রমিকদের ধর্মঘট, সংকট সমাধানে আজ বৈঠক
admin
• 16 Aug 2022, 05:26 AM
• পঠিত 0 বার
জুরি বৃদ্ধির দাবিতে সারাদেশে চতুর্থ দিনের মতো চলছে চা শ্রমিকদের পূর্ণদিবস কর্মবিরতি। সিলেট, চট্টগ্রামসহ দেশের ২৩১টি চা-বাগানে চলমান এ সংকট সমাধানে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চা শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মোহাম্মদ নাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মহাপরিচালক শ্রীমঙ্গলে এসে প্রথমে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বসবেন। পরে তাদের দাবিদাওয়া নিয়ে বাগানমালিকদের সঙ্গে কথা বলবেন।
এখন যেহেতু ধর্মঘটের কারণে দুই পক্ষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তাই শুরুতেই দুই পক্ষকে নিয়ে একসঙ্গে বসে সমস্যার সমাধান কঠিন হবে। ইতিমধ্যেই উভয় পক্ষকে মহাপরিচালকের সঙ্গে বসার জন্য বলা হয়েছে। তারা আসবেন।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল বলেন, যেহেতু মহাপরিচালক আমাদের সঙ্গে বসে চলমান আন্দোলনের একটি সমাধান করতে চাচ্ছেন, আমরা আলোচনায় রাজি আছি। তবে কর্মসূচি অনুযায়ী আমাদের যৌক্তিক আন্দোলন চলবে। আমরা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে যাব।
নিপেন পাল আরো বলেন, আমাদের শ্রমিকেরা কী কঠিন অবস্থায় আছে, সেটি সরকার ও মালিকপক্ষকে অবশ্যই দেখতে হবে। চা বাগানের শ্রমিকদের খাদ্যের অভাব, ভালো চিকিৎসার অভাব, ছেলেমেয়েদের পড়াশোনার অভাব। ঘরে ঘরে শ্রমিকদের কষ্ট। আমরা এর একটি ভালো সমাধান চাই।
সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত দুই দিন আন্দোলনে কোনো কর্মসূচি ছিল না। তবে আজ থেকে আবারো কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালন করবেন শ্রমিকরা। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ন্যুনতম ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছিল শ্রমিকরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় শনিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছেন তারা।
গেল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।
মিরর/ মাহাদী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





