Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

admin • 14 Jun 2026, 08:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরের ভেতরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

 

গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তি বড়ুয়া (১৬)। একই ঘটনায় তাদের ৫ বছর বয়সি ছেলে পিয়াস গুরুতর আহত হয়েছে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানা যায়, রাতে ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘরের দরজার কাছে রক্তাক্ত অবস্থায় এনি বড়ুয়াকে দেখতে পান, যিনি তখন কোলে তার ছোট ছেলেকে ধরে ছিলেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান। পরে ঘরে প্রবেশ করে প্রিয়ন্তির রক্তাক্ত নিথর দেহ পাওয়া যায়। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রাথমিক তদন্তে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

 

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, তিনি খবর পেয়ে বাড়িতে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। তার দাবি, মৃত্যুর আগে তার স্ত্রী চাচাতো ভাই তেজ বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন। তিনি অভিযোগ করেন, ১ লাখ ৭০ হাজার টাকা সংক্রান্ত বিরোধ এবং একটি স্ট্যাম্প চুরির বিষয়কে কেন্দ্র করে তেজ বড়ুয়া এই ঘটনা ঘটাতে পারেন।

 

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, অভিযুক্ত তেজ বড়ুয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আহত শিশু বর্তমানে চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত বলে জানা গেছে।

 

এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত প্রিয়ন্তির সহপাঠীরা ঘটনাস্থলে জড়ো হয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।