Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

গেরিলা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান আর নেই!

admin • 23 Feb 2024, 10:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গেরিলা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান আর নেই!

না ফেরার দেশে চলে গেলেন দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি ফরিদপুরের সাবেক সভাপতি ও ন্যাপ-কমিউনিস্ট পার্টির গেরিলা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দুই ভাই, পাঁচ বোনসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

শুক্রবার আছর নামাজের পর স্থানীয় ওয়ারেসপাড়া জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের আলীপুরে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

 

এক বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের অধিকারী ছিলেন মুজিবর রহমান। ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। তিনি কমিউনিস্ট পার্টি, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া সাংবাদিকতার পাশাপাশি কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতা এবং ন্যাপের মুখপত্র সাপ্তাহিক যুগবাণী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ফরিদপুর নিসর্গ সংসদের সভাপতি, ফরিদপুর নাগরিক মঞ্চের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন মুজিবর রহমান।

 

তার মৃত্যুতে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ কে আজাদ, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, সমকালের প্রাক্তন সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, টিআইবির সচেতন নাগরিক কমিটি ফরিদপুরের সভাপতি প্রফেসর শিপ্রা রায়সহ বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।