Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

গণঅবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ট্রেইনি চিকিৎসকরা

admin • 09 Jul 2023, 08:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গণঅবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ট্রেইনি চিকিৎসকরা

মাসিক ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি ও গণঅনশন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। একদিনের মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার (১১ জুন) গণঅবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৮ জুলাই) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা। রোববারও (৯ জুলাই) এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আবাসিক চিকিৎসক হিসেবে ডিউটি তাদের ২৪ ঘণ্টা। চুক্তির কারণে প্রাইভেট প্র্যাকটিস করারও সুযোগ নেই। এসব কিছুর মধ্যেই মাসে নির্ধারিত ভাতা মাত্র ২০ হাজার টাকা, তা-ও তারা হাতে পান সর্বনিম্ন ৬ থেকে ৯ মাস পর। এ অবস্থায় বাধ্য হয়ে দাবি আদায়ে রাস্তায় নামার কথা জানিয়েছেন ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালের পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেন, আমাদের ৩টি দাবি ছিল। এর মধ্যে বকেয়া ভাতা দেয়া হয়েছে এবং নিয়মিত ভাতা দেয়া শুরু হয়েছে। কিন্তু আমাদের মূল দাবি এখনও বাস্তবায়ন হয়নি। মূল দাবিই ছিল আমাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা। ন্যায্য ভাতার জন্য আন্দোলনে নামা চিকিৎসকদের মুখপাত্র ডা. জাবির জানান, দাবি না মানলে বড় ধরনের কর্মসূচি দেয়া হবে।

 

তিনি বলেন, সারা দেশে ৭ থেকে ১০ হাজার পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। সবাই একসঙ্গে কর্মবিরতিতে আছেন। কেন্দ্রীয়ভাবে আমরা যারা ঢাকায় আছি, আমরা আজ রোববার গণঅনশনের ডাক দিয়েছি। আমাদের দাবিদাওয়া সোমবারের (১০ জুলাই) মধ্যে মেনে নেয়া না হলে মঙ্গলবার থেকে সারা দেশের পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব।

 

ট্রেইনি চিকিৎসকদের আশা, দ্রুতই তাদের ন্যায্য দাবি পূরণ করা হবে এবং রোগীদের সেবায় দ্রুতই ফিরতে পারবেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।