কুষ্টিয়ার খোকসায় সহপাঠীদের হামলায় শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির রাব্বি (১৪) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।
বুধবার টিফিন পিরিয়ডে শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাইচ মিলের পিছনে আটকে রেখে তাকে নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে রাব্বি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত ছাত্র উপজেলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের নির্মাণ শ্রমিক তৌহিদুল ইসলামের ছেলে রাব্বি (১৪)।
আহত ছাত্র রাব্বি জানান, কয়েকদিন আগে তার সহপাঠী মুগ্ধ ও সাইমের সাথে অন্য সহপাঠিদের বিরোধ হয়। এ ঘটনায় মুগ্ধ তাকে মারার হুমকী দিলে সে শিক্ষকদের কাছে বিষয়টি জানায়।
এবং তারই সূত্র ধরে বুধবার টিফিন পিরিয়ডে মুগ্ধ ও সাইম তাকে স্কুল থেকে জোর করে ধরে নিয়ে গিয়ে রাইস মিলের পাশে নির্জন স্থানে লোহার রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারপিট করে।
এসময় তার আত্ম চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্কুলের প্রধান শিক্ষককে খবর দেয়। কিন্তু প্রধান শিক্ষক ঘটনাস্থলে না আসলে। পরে তার বাবাকে খবর দিয়ে তার কাছে রাব্বিকে বুঝে দেয়।
এ বিষয়ে শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, তিনি পুলিশ নন, কেউ হামলার শিকার হলে তিনি ছুটে যাবেন। উত্তেজিত ভাবে এই কথা বলে তিনি ফোন কেটে দেন।
আহত ছাত্রের বাবা তৌহিদ জানান, ছেলের উপর হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। আঘাত সইতে না পেরে তার ছেলে মলত্যাগ করে ফেলে। তিনি বিচারের আশায় ছেলেকে পরিচ্ছন্ন করে প্রথমে স্কুলের প্রধান শিক্ষক আয়েন উদ্দিনের কাছে যান।
প্রধান শিক্ষক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারোগতা প্রকাশ করেন। সন্ধ্যার দিকে রাব্বির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ আল মুকিম বলেন, হামলায় আহত ছাত্রের পিঠ, বাহু ও পশ্চাৎদেশে অনেক রক্তজমাট ও আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, সহপাঠীদের হামলায় একজন ছাত্র আহত হবার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি পেলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।





