জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। এর আগে দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মো. আবু সালেকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় রবিউল। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড়ির প্রায় ১০০ গজ দূরে অবস্থিত রফিক প্রফেসরের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
এ সময় শিশুটির মা চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





