দক্ষিণ কোরিয়ার ড্রামা সিরিজ (নাটক) দেখার কারণে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার দুই কিশোরকে। ২০২২ সালে দেশটিতে এ ঘটনা ঘটে। বিবিসি কোরিয়ান চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
বিবিসি বলছে, উত্তর কোরিয়ার এমন ভিডিও খুব একটা পাওয়া যায় না। ভিডিওটি ২০২২ সালের কোনো এক সময়ে করা।
এতে দেখা যায়, একটি আউটডোর স্টেডিয়ামে শত শত শিক্ষার্থীর সামনে দুজন ১৬ বছর বয়সী ছেলেকে আনা হয়। এরপর তাদের হাতকড়া পরান পোশাকধারীরা।
এই ভুল নিয়ে গভীরভাবে চিন্তা না করার জন্য ওই দুই কিশোরকে তিরস্কার করেন পোশাকধারীরা। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার টিভি সিরিজসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। এরপরও দেশটির কেউ কেউ চুরি করে কোরিয়ান ড্রামা দেখেন। এ জন্য কঠোর শাস্তি পেতে হয়।
কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার এ ধরনের ভিডিও পাওয়াও বিরল ঘটনা। দেশটির ভেতরকার কোনো ভিডিও বাইরের দেশে প্রকাশ করা নিষেধ।
এবারের ভিডিওটি গবেষণা প্রতিষ্ঠান সাউথ অ্যান্ড নর্থ ডেভেলপমেন্ট (স্যান্ড) বিবিসিকে সরবরাহ করেছে।
সূত্র: বিবিসি





