Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘কুষ্টিয়া থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি’, যুবদল নেতার বক্তব্য ভাইরাল

admin • 09 Sep 2024, 10:12 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
‘কুষ্টিয়া থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি’, যুবদল নেতার বক্তব্য ভাইরাল

শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় শেষের দিন, যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি’—এভাবেই এক সমাবেশে থানা ভাঙার স্বীকারোক্তি দিয়েছেন কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ। মাজেদের দেওয়া সেই বক্তব্যের একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে।

গত বুধবার (৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার খাজানগর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মাজেদ। সেখানেই তিনি এই বক্তব্য দেন।

বক্তব্যে যুবদল নেতা মাজেদ বলেন, ‘এমন একটা দিন নাই, আমার তিনটা ছেলে, আমার পরিবার, আপনাদেরই ভাই আপনাদেরই চাচি, সে নিজেও এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে। আপনারা আপনাদের ছেলেপেলেদের মারেও ঠেকাতে পারেন নাই। রক্তে টান দিয়েছে, রক্তে যখন টান দেয়, তখন জনগণের স্রোত ঠেকানো যায় না। তাই জনগণের স্রোতে হাসিনা চলে গেছে।’

যুবদল নেতা মাজেদ বলেন, ‘আমি আপনাদের বলব, আপনারা এমন কিছু করবেন না যাতে কুষ্টিয়ায় আমাদের দম বন্ধ হয়ে যায়। ক্ষমতা চিরস্থায়ী না। জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না। কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়। হানিফ, আতা এবং খুনি হাসিনার মতো যেন পালাতে না হয়।’

বক্তৃতার বিষয়ে জানার জন্য জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদের মোবাইল ফোনে বারবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘এই ধরনের বক্তব্য যদি তিনি দিয়ে থাকেন তাহলে ঠিক করেননি। বিষয়টি কেন্দ্রকে অবগত করা হবে। কেন্দ্র নির্দেশ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশের মতো কুষ্টিয়া মডেল থানায়ও চলে ব্যাপক ভাঙচুর, অস্ত্র ও জিনিসপত্র লুটপাট। থানায় দেওয়া হয় আগুনও। এ ঘটনায় গত ৯ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ৮ থেকে ১০ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন থানার পরিদর্শক (অপারেশন) এস এম আব্দুল আলিম।

তবে ঘটনার এক মাস পরও এই মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুল হক চৌধুরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।