কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এর মাধ্যমে এসব মাদক পুড়িয়ে ও ভেঙে নষ্ট করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি আনুষ্ঠানিকভাবে এই ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তবে মাদক একটি জটিল সামাজিক সমস্যা, যা কেবল আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্মূল সম্ভব নয়। এর জন্য সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ অপরিহার্য।
বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছিল। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— বিদেশি মদ ৪ হাজার ৪৩২ বোতল, ১২ লিটার দেশীয় মদ, হেরোইন ২৬ কেজি ২৫৩ গ্রাম, কোকেন ৬ কেজি ৫ গ্রাম, ইয়াবা ৬৭ হাজার ৪৯৬ পিস, ১০ হাজার ১৩৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৯৭ হাজার ৬৫৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১ লাখ ৫৫ হাজার ৯০৯ প্যাকেট বিড়ি, ৩০ বোতল এলএসডি, ১ হাজার ৪৭৬ পিস ভারতীয় ক্যাপসুল এবং ২ হাজার ২৯৯ পিস ভারতীয় ইনজেকশন, গাঁজা ৫৫০ কেজি ৪০ গ্রাম এবং ফেন্সিডিল ৭ হজার ৭৮৭ বোতল ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।
উল্লেখ্য, গত এক বছরে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ১৭৫ জন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এই সময়ে সব মিলিয়ে প্রায় ১১৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে ৪৭ বিজিবি।





