কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি ( মাল্টিমিডিয়া) সোহাগ মাহমুদ–এর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সোহাগ মাহমুদ জানান, তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অজ্ঞাতনামা কোনো ব্যক্তি বা চক্র তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক একাউন্ট পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড অনৈতিক ও অপরাধমূলক বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ফেসবুকে প্রায় ১১ হাজার ফলোয়ার সম্বলিত একটি মাত্র আইডিই তার আসল ও বৈধ আইডি। এ ছাড়া তার নামে বা ছবি ব্যবহার করে খোলা অন্য কোনো ফেসবুক একাউন্টের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় তিনি সাধারণ মানুষ, সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভুয়া আইডিটি এড়িয়ে চলার পাশাপাশি ফেসবুকে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
ভুয়া আইডিটির লিংক ইতোমধ্যে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।





