কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর প্রতাপপুর গ্রামে ১৪৪ ধারা অমান্য করে হিন্দু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুনীল বিশ্বাস ।
ভুক্তভোগী সুনীল বিশ্বাস ধলনগর প্রতাপপুর গ্রামের মৃত আশ্বিনী বিশ্বাসের ছেলে । অভিযুক্তরা হলেন একই এলাকার আব্দুল কালাম (৫২) ও আলকাজ শাহ (৩৮) ।
অভিযোগে বলা হয়, বিবাদীদের কাছে জমির মালিকানার কোনো বৈধ কাগজপত্র না থাকলেও তারা প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করলে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়া হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১ জুন সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা ধারালো হাসুয়া ও বাঁশের লাঠি নিয়ে অভিযোগকারীর বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে বাধা দিলে অভিযুক্তরা অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এবিষয়ে সুনীল বিশ্বাস জানান, ইতোমধ্যে কোর্ট থেকে দখলকৃত জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত। অভিযুক্তরা আদালতের ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্ব জমিতে বাঁশ ও সিমেন্টের খুটি গেড়ে দখলে নিছে বলে জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি কুমারখালী থানা পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





