Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

admin • 13 Jul 2026, 10:47 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন
কুড়িগ্রামে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে যমজ তিন বোন। পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তারা হলেন—তাহিয়া রহমান, তাকিয়া রহমান ও তাবিয়া রহমান।
তারা কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক এবং গৃহিণী শাহিনা আকতারের কন্যা। তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তাদের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকায়। তিন বোন জানায়, তাদের বাবা-মা সব সময় পড়াশোনার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং নিয়মিত উৎসাহ ও সহযোগিতা করেছেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সমর্থনের ফলেই তারা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
ভবিষ্যতেও মনোযোগ সহকারে লেখাপড়া করে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে তারা সবার কাছে দোয়া কামনা করেছে। তাদের বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, তিন কন্যার একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন একজন বাবা হিসেবে তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং এ সাফল্যের মূল কৃতিত্ব তাদের মা শাহিনা আকতারের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, ত্যাগ ও স্নেহময় পরিচর্যাকে দেন। একই সঙ্গে তিনি শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানদের জন্য সবার দোয়া কামনা করেন। কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম বলেন, যমজ তিন বোনের এই সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের।
বিশেষ করে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ট্যালেন্টপুল বৃত্তি অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একসঙ্গে তিন যমজ বোনের এই অসাধারণ অর্জন শুধু তাদের পরিবারের জন্য নয়, কুড়িগ্রাম জেলার জন্যও গর্বের বিষয়। তাদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।