পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের মা হলেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন তিনি। ভিডিওতে নবজাতক কন্যার ঝলকও দেখিয়েছেন অভিনেত্রী।
পূজার সুখবর প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টে অভিনন্দন জানিয়েছেন অসংখ্য নেটিজেন।
কয়েক দিন আগেই পূজার সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছিল। ঐতিহ্যবাহী সাজে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। হালকা গোলাপি রঙের অর্গানজা শাড়ির সঙ্গে লাল কাজ করা ওড়না পরেছিলেন অভিনেত্রী।
তাদের পরিবারের রীতি অনুযায়ী, পূজার কোলে একটি ছোট্ট মেয়ের পুতুলও দেওয়া হয়েছিল। পুতুলটির পরনে ছিল সিল্কের লেহেঙ্গা। পূজার কোলে মেয়ের পুতুল দেখে অনেকেই তখন ধারণা করেছিলেন, এবার হয়তো তার ঘর আলো করে আসতে চলেছে কন্যাসন্তান।
সাধের অনুষ্ঠানে কন্যাসন্তানের জন্য প্রার্থনাও করেছিলেন পরিবারের সদস্যরা। অনেক নেটিজেন আবার মনে করেছিলেন, পূজা হয়তো আগেই জেনে গিয়েছিলেন যে তার কন্যাসন্তান হবে। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো।
এর আগে গত এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব ভ্লগের মাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন পূজা ও তার স্বামী কুণাল বর্মা।
২০২০ সালে করোনাকালীন বিয়ের বন্ধনে আবদ্ধ হন পূজা ও কুণাল। একই বছর তাদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়। এবার তাদের পরিবারে যুক্ত হলো নতুন সদস্য, কন্যাসন্তান।
শোবিজে পূজা ব্যানার্জি বাংলা ও হিন্দি দুই মাধ্যমেই কাজ করেছেন। ‘চ্যালেঞ্জ ২’, ‘পাপ’, ‘লাভেরিয়া’ ও ‘রকি’সহ বেশ কয়েকটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘দেবোঁ কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এছাড়া আরও বেশ কয়েকটি সিনেমা ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন এই অভিনেত্রী।





